এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব।
পদত্যাগের পর তাসনিম জারা এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।”
ফেসবুকে দেওয়া পোস্টে তাসনিম জারা আরও জানিয়েছেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা তিনি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিলেন। তবে রাজনৈতিক বাস্তবতা ও পারিপার্শ্বিক কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
তিনি জানিয়েছেন, এই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে লড়বেন। তাসনিম লিখেছেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। যেহেতু আমি কোনো দলের সঙ্গে নেই, তাই এই সব সুবিধা আমার থাকবে না। আমার একমাত্র ভরসা আপনাদের স্নেহ ও সমর্থন। আপনারা যদি বিশ্বাস ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করতে পারব।
এই পদক্ষেপের মাধ্যমে তাসনিম জারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য ব্যক্ত করেছেন এবং স্থানীয় জনগণের পাশে থেকে স্বতন্ত্রভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পতাকানিউজ/এআই

