হবিগঞ্জে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা ও নেতাদের বহনকারী গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি। একইদিনে হবিগঞ্জ ছাত্রদল জেলা সদর ও উপজেলায় পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বুধবার, ২৯ জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার, ২৮ জুলাই এনসিপি পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে। ওইদিন বিকেলে স্থানীয় টাউন হলের সামনে পথসভায় এনসিপি নেতা সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পথসভা পর কোর্ট মসজিদের কাছে একদল যুবক সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় সেখান থেকে তাদের দ্রুত উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এনসিপি এ হামলার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করেছে।
এদিকে হামলার প্রতিবাদে আজ হবিগঞ্জে এনসিপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা দেয়ায় ছাত্রদলও পাল্টা কর্মসূচি দিয়েছে। এতে করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এনসিপির হামলার জন্য ছাত্রদল নয়। এনসিপি নেতাদের লাগামহীন বক্তব্যের প্রতিবাদ করেছে সাধারণ মানুষ।
১৪৪ ধারা আদেশে বলা হয়েছে, হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।
সেহেতু, কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোন কর্মসম্পাদন ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পতাকানিউজ/এসসি/আরবি

