জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আরিফ সোহেল। তিনি দলটির যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন আরিফ সোহেল।
বিবৃতিতে এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও গতিপথ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে আবারও জনগণের কাতারে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরিফ সোহেল জানান, তিনি ইতিমধ্যে দলের শীর্ষ নেতাদের মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন। শিগগিরই লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনা তৈরি হলেও আমলাতান্ত্রিক ও বৈদেশিক শক্তির প্রভাবে শেষ পর্যন্ত পরিস্থিতি ‘নেগোশিয়েটেড সেটেলমেন্ট’ বা আপসের পথে গড়ায়।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আরিফ সোহেল বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী গণসংগ্রাম থেকে যে নতুন গণরাজনীতি ও ‘তৃতীয় শক্তি’র সম্ভাবনা তৈরি হয়েছিল, তা জাতীয় নাগরিক পার্টির কাঠামোর ভেতরে সংগঠিত করা সম্ভব হয়নি। ফলে ওই রাজনৈতিক জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলটি ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যর্থতার কারণে রাজনৈতিক বিভাজন আবারও জোরালো হয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রকে নতুন করে গণবিরোধী পথে নেওয়ার সুযোগ পাচ্ছে।
প্রথাগত রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে আরিফ সোহেল বলেন, এসব দলের মূল লক্ষ্য ক্ষমতার রাজনীতি। রাষ্ট্রের চরিত্র যতই গণবিরোধী হোক, তাতে তাদের বিশেষ কিছু আসে যায় না।
বিবৃতিতে তিনি দাবি করেন, জাতীয় নাগরিক কমিটি শেষ পর্যন্ত পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপস করে সেই পুরোনো ক্ষমতার রাজনীতির পথেই হাঁটতে বাধ্য হয়েছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
পদত্যাগের ঘোষণা দিয়ে আরিফ সোহেল জানান, তিনি ও তার সহকর্মীরা এখন থেকে কোনো প্রথাগত সাংগঠনিক কাঠামোর বাইরে থেকে সরাসরি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত থাকবেন।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
পতাকানিউজ/এআই

