জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জান্নাতারা রুমি (৩০) নামে এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর সকালে রাজধানী হাজারীবাগের জিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
পুলিশের ধারণা, প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

