চলতি এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার, ২ এপ্রিল আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে দেশে ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা/মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি এবং মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
পতাকানিউজ/আরবি

