২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। এবার অভিনেত্রী, সাংবাদিক, সংগীত শিল্পীসহ নয় ব্যক্তি ও একটি ব্যান্ড দল একুশে পদক পাচ্ছে।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
পদকপ্রাপ্ত হলেন-চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।
প্রেস সচিব বলেন, ‘একুশে পদকের সিদ্ধান্ত হয়ে গেছে। এ বছর যারা একুশে পদক পেতে যাচ্ছেন, তাদের নাম আমি ঘোষণা করছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদকটা দেন।’
একুশে পদক চূড়ান্ত করার সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।
পতাকানিউজ/আরবি

