গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, যদি এবার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে আগামী তিন দশকেও তা সম্ভব হবে না।
সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আমরা হল পর্যায়ে রাজনীতি প্রত্যাখ্যান করি, কিন্তু ক্যাম্পাসে রাজনীতির সুযোগ থাকা প্রয়োজন, তবে সেটি অবশ্যই ছাত্র সংগঠনগুলোর মধ্যে বোঝাপড়ার মাধ্যমে পরিচালিত হবে।’
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি জানান, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের শক্তি দাবি করলেও বিভাজন তীব্র মাত্রায় রয়েছে। এই বিভাজন নির্বাচনের বাস্তবায়নে সংশয় সৃষ্টি করছে।
পিআর পদ্ধতি সম্পর্কে নুর বলেন, ‘বিএনপির মধ্যে পিআর পদ্ধতিকে নিয়ে দ্বিমত রয়েছে। যদিও পদ্ধতিটি অনুমোদিত হয়েছে, তবুও ভিন্নমত রয়েছে। যদি বাংলাদেশে এটি কার্যকর হয়, তবে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এর সফলতা নির্ভর করবে আগামী সরকারের ওপর।’
আলোচনা অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এনটি

