জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। প্রতি লিটার লিটারে চার টাকা বাড়ানো হয়েছে। এতে বোতলজাত সয়াবিন ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা ও খোলা তেল ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার, ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, ‘বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে।’
তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ভোজ্যতেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল, রবিবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। লিটার প্রতি ১৫-২০ টাকা বাড়ানো হয়। এরপর পাম্পগুলোতে স্বাভাবিক হয় জ্বালানি তেলের সরবরাহ। বর্তমানে আর আগের মত গাড়ির সেই দীর্ঘ লাইন নেই।
পতাকানিউজ/আরবি

