ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য দিলীপ আগারওয়ালাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ২৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. মাসুদুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ২৮ অক্টোবর এ আবেদনের শুনানি হয়।
সেদিন আসামিপক্ষের আইনজীবী জাকারিয়া হায়দার গ্রেপ্তার না দেখানোর আবেদন জানিয়ে বলেন, মামলার ঘটনার দিন দিলীপ আগারওয়ালা হাসপাতালে ভর্তি ছিলেন। পরে আদালত অধিকতর শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেন। ওই দিন শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা দিলীপ আগারওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে নেওয়া হলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে পাকা সড়কের ওপর ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য অবৈধ মিছিল করেন। মিছিল থেকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মামলায় এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তিনি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন ও মদত দিচ্ছেন। মামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়।
অন্যদিকে, রিমান্ড আবেদনে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন সোনা চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে সিআইডির করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
পতাকানিউজ/এএ

