চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একদিন না যেতেই এবার হাটহাজারী উপজেলায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। রবিবার, ৩০ নভেম্বর ভোরে ১০-১৫ জনের একটি দল উপজেলার নন্দীরহাট এলাকায় মিছিল করেন। মিছিল শেষে দ্রুত সটকে পড়েন তারা।
মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মাথায় হেলমেট পড়া কয়েকজন যুবক ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনার বিরুদ্ধে রায়, মানি না-মানবো না’ বলে স্লোগান দেয়। তাদের হাতে ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ ও নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন।
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।
পতাকানিউজ/কেএস

