এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত বিল মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বিষয়টি বুধবার (১ এপ্রিল) নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি দায়িত্বশীল সূত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার সারসংক্ষেপ তৈরির কাজও চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। তবে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে আগামী সপ্তাহে বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হবে।
ইএফটির মাধ্যমে বেতন পরিশোধে নতুন নির্দেশনা
এদিকে এমপিওর অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান যে তথ্য জমা দেবেন সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানো সম্ভব হবে না।
এছাড়া বিল দাখিলের পর তার একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ প্রতিষ্ঠানে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরাসরি ব্যাংক হিসাবে বেতন যাচ্ছে
মাউশি জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এ প্রক্রিয়ার আওতায় ইতোমধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেতন সংশ্লিষ্টদের হিসাবে পাঠানো হয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের জমা দেওয়া তথ্যের ভিত্তিতেই এমপিওর অর্থ সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো অব্যাহত থাকবে।
-পতাকানিউজ

