বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা সর্বনিম্ন ২ হাজার টাকা হবে। আগামী ১ নভেম্বর থেকে এ সুবিধা কার্যকর হবে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন ভাতা কার্যকর করার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে:
১. এই ভাতা ভবিষ্যতে জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে।
২. ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগের শর্তাদি অনুসরণ করতে হবে।
৩. কোনো অবস্থাতেই শিক্ষক-কর্মচারীরা বকেয়া দাবি করতে পারবেন না।
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান মানতে হবে।
৫. ভবিষ্যতে কোনো অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
এদিকে, ভাতা বাড়ানোর সিদ্ধান্তের দিনই এমপিওভুক্ত শিক্ষকরা তাঁদের দাবিতে শহীদ মিনারে কালো পতাকা মিছিল করেছেন। গত ৭ দিন ধরে তাঁরা সেখানে আন্দোলন করছেন।
প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, এ সংক্রান্ত জিও জারি করে ৪ কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে। আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ অর্থ বিভাগ এবং অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এনটি

