সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। রবিবার, ২৬ এপ্রিল বিকেলে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত বিলটি পাস হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম)।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) অ্যাক্ট-২০২৬’ পাসের প্রস্তাব সংসদ অধিবেশনে উত্থাপন করলে তা কণ্ঠভোটে সবার সম্মতিতে পাস হয়।
এদিকে বিলটি পাস হওয়ায় সংসদ সদস্যদের এ বিশেষ সুবিধাটি বাতিল হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর প্রদান করতে হবে।
রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
প্রসঙ্গত, এর আগে ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদের সভায় সংসদ সদস্যদের এ সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়। তার আগে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত জানানো হয়।
পতাকানিউজ/আরবি

