প্রশাসনের সভায় সংসদ সদস্যের স্ত্রীকে অতিথি করাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন দে ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান আদেশে সই করেছেন গত রবিবার।
ইউএনও লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। যদিও সরকারি আদেশে এ রদবদলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দাবি বির্তকিত ওই সভার জেরেই তাদের তড়িঘড়ি বদলি করা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সেখানে তিনি বক্তব্য দেন। ওই সভার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার দুপাশে বসে আছেন ইউএনও লিটন দে, এসিল্যান্ড মাহবুবুল আলম এবং ওসি সাইফুল ইসলাম।
সরকারি সভায় একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন উপস্থিতি ও প্রধান অতিথির আদলে বসে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
পতাকানিউজ/এসসি/আরবি

