অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় একটি দেশি অস্ত্র (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড। বুধবার, ১৪ জানুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার, ১৩ জানুয়ারি রাত ৯টায় হাতিয়া থানার ১ নম্বর ক্ষিরোদিয়া বলির ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—হাতিয়া উপজেলার দক্ষিণ সুল্লকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন (২৪) এবং হামদ উল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৪)।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটরা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল তারা। জব্দ করা অস্ত্র-গুলিসহ তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
পতাকানিউজ/এইচএএ/আরবি

