মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ।
চলতি বছরের পরীক্ষায় সাধারণ ৯টি বোর্ডে মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী পাস করতে পারেনি। এ বছর মানবিকে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৩ লাখ এক হাজার ১৭৪ জন, যা মোট শিক্ষার্থীর ৪৮.৭৮ শতাংশ। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অন্যান্য বিভাগের তুলনায় ভালো করেছে।
সোমবার, ১০ আগস্ট এসএসসির প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, যার মধ্যে ৮০.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অপরদিকে ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সেখানে ৬৪.৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এর মধ্যে ছাত্র ৫৯.৯৮ শতাংশ ও ছাত্রী ৬৯.৯২ শতাংশ।
প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
পতাকানিউজ/আরবি

