এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। এবার তাদের জন্য আসছে স্বস্তির খবর। আগামী ৩০ জুলাই ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি মাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।
বোর্ড কর্মকর্তারা বলছেন, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করতে তারা কাজ করছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ জুলাই ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে ফেলব। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিন ফল প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল; কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
এ বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায়ের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

