চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার, ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে সেই নির্দেশনা আমরা দিয়েছি এবং পরের বছরে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু এনাউন্স করেছি।’
বোর্ড সূত্রে জানা যায়, এবার ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
পতাকানিউজ/আরবি

