এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
সোমবার, ১০ আগস্ট সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এরপর একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবাসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বিভাগে ৫৮.৩৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ।
এবার সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, দাখিলে ৫৫.৪৯ শতাংশ এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮.২০ শতাংশ।
যেভাবে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন-
ওয়েবসাইট
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে।
এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে।
সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
এসএমএস
এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: `SSC DHA ROLL YEAR`
ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেয়া হবে।
দাখিল
মাদরাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো-
‘Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year’
এটি 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য উদাহরণ হিসেবে-
‘Dakhil MAD 123456 2026’
লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি
কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে-
‘SSC Board name (first 3 Letters) Roll Year’
টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
`SSC TEC 123456 2026`
প্রতিষ্ঠানভিত্তিক ফল
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে।
এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
পতাকানিউজ/আরবি

