এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা এবার শেষ হচ্ছে। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড।
সোমবার, ২৭ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশিত হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল; কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
এ বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায়ের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

