নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগে ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সোমবার, ৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে ফ্যাসিবাদি বিরোধী ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকা ও সহযোগিতার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব এক মাসেরও বেশি সময় ধরে জেলায় অবস্থান করছেন। এমনকি সম্প্রতি তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও পুলিশ তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জুলাই যোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াবেন, মিছিল করবেন—আর পুলিশ নীরব ভূমিকা পালন করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
কর্মসূচি চলাকালে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে আশ্বাস দেন।
পুলিশ সুপারের আশ্বাসের পর অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে তারা হুঁশিয়ারি দেন, দ্রুত দৃশ্যমান আইনি পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পতাকানিউজ/এএএম/আরবি

