জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি থেকে সরে আসছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ভাষায়, ‘নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে গণভোটও সুষ্ঠু হবে না। তাই আগে গণভোট হওয়াটাই যৌক্তিক।’
বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের জানান, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর মতপার্থক্য নেই। তাঁর ভাষায়, ‘নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা দরকার। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও গণভোটের ব্যাপারে সবার সম্মতি আছে। জুলাই চার্টারে যেসব সংস্কার প্রস্তাব রয়েছে, সেগুলো গণভোটের মাধ্যমেই জনগণ গৃহীত বা বাতিল করবে।’
তিনি বলেন, অনেকেই একসঙ্গে নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন, কিন্তু জামায়াত তা সমর্থন করছে না। ‘গণভোট একটি বিষয়, জাতীয় নির্বাচন আরেকটি বিষয়—দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোকে আমরা একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে বিবেচনা করছি। জনগণ যদি সেটি অনুমোদন দেয়, তাহলে তার ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়া ও নির্বাচন হবে। আর যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে বিষয়টি এখানেই শেষ’ বলেন ডা. তাহের।
জামায়াত নেতা মনে করেন, একসঙ্গে নির্বাচন ও গণভোট আয়োজন করলে জটিলতা বাড়তে পারে। তাঁর ভাষায়, ‘জুলাই চার্টারে এমন কিছু বিষয় আছে—যেমন আপার হাউস গঠনের প্রস্তাব—যা আগামী নির্বাচনের অংশ হয়ে উঠবে। কিন্তু যদি একই দিনে গণভোট ও নির্বাচন হয়, তাহলে জনগণ কী চায় তা নির্ধারিত হওয়ার আগেই নির্বাচন হয়ে যাবে। এতে অনিশ্চয়তা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অতীতেও দেখা গেছে, গণভোটের রায় প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই দুটি প্রক্রিয়া একত্র করলে একটার ভাগ্য অন্যটার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে গণভোটও বিতর্কিত হয়ে যাবে।’
ডা. তাহের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছেন নিশ্চয়ই। ঢাবির নির্বাচনে রাতভর উত্তেজনা, অভিযোগ আর মিছিল চলেছে। আবার জাহাঙ্গীরনগরে ফল দিতে ৪৮ ঘণ্টা সময় লেগেছে। নির্বাচন সুষ্ঠু হলেও ফল মেনে নেওয়ার মানসিকতা দেখা যায়নি।’
গণভোটের সময়সূচি প্রসঙ্গে জামায়াতের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই নভেম্বরের শেষের দিকেই গণভোট হোক। কারণ, আমাদের রেকর্ডে আছে—বাংলাদেশে মাত্র ১৯ দিন ব্যবধানেও গণভোট হয়েছে, এক মাসের ব্যবধানেও হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, তার আগেই জুলাই চার্টার নিয়ে গণভোট সম্পন্ন করা সম্ভব।’
পতাকানিউজ/এনটি

