দেশের মাটিতে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মরদেহ। শনিবার, ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাই আজ রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হবে হাদীর মরদেহ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে শহীদ শরিফ ওসমান হাদীর মরদেহ ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। পরে সেখান থেকে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়।
এর আগে বাংলাদেশ সময় আজ দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদীর মরদেহ নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদীর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, শুক্রবার, ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত হাদীকে গুলি ছোড়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৮টায় হাদীকে ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার, ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
পতাকানিউজ/আরবি

