কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন অগ্নিদ্ধগ্ধ হয়েছেন। এর মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টা ও সাড়ে ১০টায় দুদফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন আগুনের তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯ টায় এন আলম এলফিজি গ্যাস পাম্পে প্রথম দফায় আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও সাড়ে ১০ টায় গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশেপাশে আগুনে ছড়িয়ে পড়ে। মুহূর্ত আগুন ভয়াবহ রূপ নেয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকায়। এসময় বন্ধ করে দেয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।
এর আগে সন্ধ্যায় এ গ্যাস পাম্পে হঠাৎ গ্যাস লিক হলে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। এরপর প্রশাসন থেকে মাইকিং করে ঘটনাস্থল থেকে সরে যেতে এবং আগুন না ধরাতে বলা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে থাকা গ্যাস শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পাম্প সংলগ্ন আশপাশের এলাকার কয়েকটি বসতিও আগুনে পুড়ে গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত ও উৎসুক জনতার ভিড় এড়াতে সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস ৪টি ইউনিট ও সেনাবাহিনীর ২টি ওয়াটার ব্রাউজারসহ ২টি টিম রাত সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও এখনও এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পতাকানিউজ/এনএ/আরবি

