কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার, ৯ আগস্ট সকাল পৌনে ১১টায় সেখানে পৌঁছান তিনি।
এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, আজ সকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার।
বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর দুপুর দেড়টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান।
এরপর বিকেল ৫টায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে হাটহাজারী সরকারি কলেজ মাঠের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।
শেষ কর্মসূচি হিসেবে আজ সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী।
পতাকানিউজ/আরবি

