কক্সবাজারের কলাতলীর এন আলম গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ আবু তাহের ৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে চিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
রবিবার, ১ মার্চ দুপুর আড়াইটায় হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশি আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন।
আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
নাছির উদ্দিন জানান, ঘটনায় আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি পাঠানো হয়েছিল। তাদের একজন আবু তাহের। চট্টগ্রামে তার অবস্থান অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা নিয়ে যায়। আজ দুপুরে মৃত্যুর বিষয়টি স্বজনরা জানায়। মরদেহ কক্সবাজারে আনার প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, আগুনে দগ্ধ একজন ঢাকায় মৃত্যুর বিষয়টি অবহিত হয়েছে। মরদেহ কক্সবাজারে আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়।বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িসহ নানা প্রতিষ্ঠানে। আগুনে ৩০টির মতো গাড়ি, ৪ টি বাড়িসহ নানা অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন।
আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) মো. শাহিদুল আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

