কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসেইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার, ১ আগস্ট বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশব্যাপী আলোচনায় আসে। তবে এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

