কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহীসহ দুজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার, ২ এপ্রিল সকাল ও দুপুরে পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারি মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।
কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, আজ দুপুর ১টায় কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখি একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও গাড়ি থেকে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে আজ সকাল ১১ টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখি একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি বলেন, ‘কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেল ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে তিনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
পতাকানিউজ/এনএ/আরবি

