কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট সকাল সাড়ে ৬টায় কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালি নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহণের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অপরদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে রওয়ানা হয়। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়।
এছাড়া মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিনের মৃত্যু হয়।
মালুম ঘাট হাইওয়ে থানার ওসি ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

