মেট্রোরেল প্রকল্পে বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার (পিয়া) চাকরি পেতে যাচ্ছেন। আনুষ্ঠানিকতা শেষ হলে চলতি মাসেই তাকে নিয়োগ দিতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সূত্র জানিয়েছে, তার জন্য ১৬তম গ্রেডের তিনটি পদ বিবেচনায় রয়েছে- টিকিট মেশিন অপারেটর, কম্পিউটার অপারেটর ও কাস্টমার রিলেশন সহকারী। এসব পদে মাসিক বেতন হবে প্রায় ৪০ হাজার টাকা।
আইরিন বর্তমানে স্নাতক অসম্পূর্ণ হলেও উচ্চমাধ্যমিক সনদে চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি তিনি ও নিহত আবুল কালামের পরিবার ডিএমটিসিএলের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক কাগজপত্র জমা দিয়েছেন।
এর আগে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন আইরিন আক্তার। পাশাপাশি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে তারা সতর্ক থাকবেন।
হাইকোর্টও ইতোমধ্যে পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
পতাকানিউজ/এআই

