অভিযান, জরিমানা, সিলগালা কিংবা সতর্ক এতকিছুর পরও এতটুকু পাল্টায়নি চট্টগ্রাম নগরীর চকবাজার শাখার কাচ্চি ডাইনের অনিয়মের চিত্র। এবারের চিত্র আরও ভয়ঙ্কর। রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোরে খাদ্যদ্রব্য তৈরি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা; খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি ধরা পড়েছে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে গুণতে হয়েছে ৩ লাখ টাকা জরিমানা।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি সকালে নগরীর চকবাজার এলাকার কাচ্চি ডাইনের শাখায় এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
তবে এমন জরিমানা কাচ্চি ডাইন চকবাজার শাখার জন্য নতুন কিছু নয়। প্রায় তিন বছর আগে একই প্রতিষ্ঠানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, পোকাযুক্ত বেগুন, পচা আলু ভেজে রাখা, ময়লার ঝুড়ির পাশে তৈরি করা ফিরনি রাখা, বাসি মাংস সংরক্ষণ, গামছা দিয়ে জিলাপি ঢেকে রাখা এবং ফ্রিজে মাংসের সঙ্গে উৎপাদনের তারিখবিহীন টক দই রাখাসহ নানা অনিয়মের কারণে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।
মোটা অঙ্কের জরিমানার পরও রান্নাঘরের চিত্র পাল্টায়নি কাচ্চি ডাইনের। উল্টো খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম আরও বেড়েছে। মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য। এতে জনমনে প্রশ্ন উঠেছে, কবে পাল্টাবে কাচ্চি ডাইনের পরিবেশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, ‘রান্নাঘর ও সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের উপস্থিতি, নিজেদের ইচ্ছেমত খাদ্যপণ্যে মেয়াদ বসানোসহ বিভিন্ন অনিয়মের কারণে খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় কাচ্চি ডাইন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

২০২৩ সালের ১০ এপ্রিল পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।
সহকারী পরিচালক নাসরিন আকতার বলেছিলেন, অভিযানে পরিদর্শনের সময় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাচ্চি তৈরিতে ক্ষতিকর রঙ ব্যবহার, ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ, পচা আলু ও পোকাযুক্ত বেগুন দিয়ে ইফতারসামগ্রী তৈরি, টক দইয়ে উৎপাদন তারিখ না থাকা এবং ময়লার ঝুড়ির পাশে তৈরি করা ফিরনি রাখাসহ নানা অনিয়মের কারণে চকবাজারের কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়। পরে সময় দেওয়ার পরও জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।
পতাকানিউজ/আরবি

