মৌলভীবাজারের কমলগঞ্জে শত বছরের ঐতিহ্য ধরে ধলাই নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগর এলাকা-সংলগ্ন ধলাই নদীতে মাছ ধরার এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবীপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শৌখিন মাছ শিকারি অংশ নেন।
জানা যায়, রহিমপুর ইউনিয়নের ধলাই নদীর মিরতিংগা সেতু এলাকায় প্রতিবছর এ সময়ে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। মাছ ধরাকে কেন্দ্র করে আশপাশের কয়েকটি গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে নদীর তীরে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের হাততালি ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়। পলো দিয়ে মাছ ধরতে গিয়ে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ পান শিকারিরা।

পলো বাওয়ায় অংশ নিতে আগের দিন শনিবার মুন্সীবাজারসহ বিভিন্ন স্থানে ঢোল পিটিয়ে উৎসবের খবর জানানো হয়। রোববার সকাল থেকেই মাছ শিকারিরা নদীর পাড়ে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ে সবাই একসঙ্গে নদীতে নেমে শুরু করেন মাছ ধরা।
আয়োজকেরা জানান, প্রতিবছর এ সময়ে এক দিন নদীতে নেমে পলো বাওয়া উৎসবে মেতে ওঠেন তারা। শত বছর ধরে চলে আসছে এ আয়োজন। সব বয়সের মানুষ এতে অংশ নেন। ভাগ্য ভালো হলে কেউ একাধিক মাছ পান, আবার কেউ খালি হাতে ফেরেন। তবে মাছ পাওয়া নয়, উৎসবে অংশ নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
উৎসব দেখতে আসা সাদিকুল ইসলাম বলেন, গতকাল বাজারে শুনে আজ পলো বাওয়া দেখতে এসেছি। গ্রামবাংলার চমৎকার দৃশ্য। সব বয়সের মানুষ পলো নিয়ে মাছ ধরতে নেমেছেন। যাঁদের পলো নেই, তাঁরাও মাছ ধরার জাল নিয়ে নেমেছেন নদীতে।
উৎসবে অংশ নেওয়া জসিম আহমেদ বলেন, শতাধিক মানুষ পলো বাওয়া উৎসবে অংশ নিয়েছেন। এখানে সবাই শুধু মাছ শিকার করতে আসেননি, অনেকে উৎসবে অংশ নিতেই এসেছেন। কেউ মাছ পাবেন, কেউ খালি হাতে ফিরবেন; এটা বড় বিষয় নয়। শত বছর ধরে আমাদের এখানে এ উৎসব পালিত হয়ে আসছে।
পতাকানিউজ/এমআরআর

