ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কমানো হয়েছে অটো গ্যাসের দামও।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। এ নিয়ে টানা দুই মাস পর এলপি গ্যাসের দাম কমানো হলো।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া গত ৪ জানুয়ারি ৫৩ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি।
এদিকে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় এবার কমানো হলো এলপিজির দাম।
এদিকে বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ প্রতি কেজির দাম ১০৯ টাকা ২৯ পয়সা থেকে কমিয়ে ১০৮ টাকা ৪ পয়সা এবং অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা থেকে কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

