বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে হ্রাস করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল, আর বাকি ২৫ শতাংশ পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।
ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহণ খাত এবং জেনারেটর পরিচালনায় ব্যবহৃত হয়।
-পতাকানিউজ

