বগুড়ার নদীতে গোসল করতে নেমে মুহিব হাসান শ্রাবণ (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
সোমবার, ১০ আগস্ট দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বগুড়া মহানগরীর ইসাইদহ এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুহিব হাসান শ্রাবণ ইছাইদহ এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মামুন প্রামানিকের ছেলে এবং জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ফুটবল খেলা শেষে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মুহিব পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়।
১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন জানান, ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এসময় মুহিব নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। খবর পেয়ে বগুড়ার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।
তিনি আরও জানান, বিকেল ৫টায় রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে।
পতাকানিউজ/পিএম/আরবি

