ঢাকার আশুলিয়ায় কর্মবিরতি ভঙ্গ করে গ্রাহককে দলিল লিখে দেয়ায় শাহাদাৎ হোসেন (৪৮) নামের এক ভেন্ডারকে (দলিল লেখক) মারধরের অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
রবিবার, ৬ অক্টোবর দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে ওই দলিল লেখক আশুলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন— আশুলিয়া দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, তার ভাই মো. মনসুর, মো. মোতালেব হোসেন, অনিক হাসান দিলবর ও মো. ফজলুল হক। সবাই আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা কয়েক মাস ধরে অন্য দলিল লেখকদের দলিল লেখা বন্ধ রাখতে চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন দুপুরে শাহাদাৎ হোসেন অফিসের সামনে দলিল লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় আসামিরা লাঠিসোটা নিয়ে তাকে মারধর করেন এবং তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দলিল লেখককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পতাকানিউজ/এআই

