বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ থেকে যানজট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ সতর্কতা ও সচেতন থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবনসহ গুরুত্বপূর্ণ আদালত সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার অধীনে আগামী ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
সেই সঙ্গে বলা হয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদের নামে যেকোনো সময় সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ করা হলো।
পতাকানিউজ/এনটি

