বগুড়ায় ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার, ২৮ জুন দুপুরে শহরের ইয়াকুবিয়ার মোড়ে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরির দায়ে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য ও রান্নার সরঞ্জাম রাখা হয়েছে। ফ্রিজের ভেতর কাঁচা মাছ-মাংসের সঙ্গেই খোলা অবস্থায় রাখা হয়েছে টক দই ও বিভিন্ন মসলাজাতীয় খাবার।
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোর রুমে। সেখানে নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া রান্নাঘর ও স্টোর রুমজুড়ে ইঁদুরের অবাধ বিচরণ এবং খাদ্য সরবরাহের সরঞ্জামাদির ওপর মলমূত্র পড়ে থাকতে দেখা যায়। এসব অপরাধের দায়ে ‘কাচ্চি ডাইন’ কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
পতাকানিউজ/পিএম/আরবি

