চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন এ অভিযোগ জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
অভিযোগভুক্ত অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানিয়েছে, এই ৭ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
পতাকানিউজ/এআই

