কক্সবাজারের টেকনাফে কানের দুলের লোভে হোজাইফা নুসরাত আফসি (৪) কে গলা টিপে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘটনার সাথে জড়িত দুই কিশোর।
সোমবার, ৬ অক্টোবর বিকেলে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস.এম গিয়াস উদ্দিনের কাছে ওই জবানবন্দি দেন শিশু হত্যা মামলায় অভিযুক্ত ফারেজ ও আরাফাত। কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান নূরী এলাহী তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, গত ০৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া গ্রামের মামুনূর রশিদের মেয়ে হোজাইফা খেলাধুলার জন্য ঘরের বাইরে যায়। কিন্তু এর ২৪ ঘণ্টা পর দুপুর ১টায় শিশুর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর শিশুটির বাম কানের লতি কাটা ও কানে পরিহিত স্বর্ণের দুল পাওয়া যায় না।
পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই স্বর্ণের দুল আদালতে স্বীকারোক্তি দেয়া ফারেজ ও আরাফাত মিলে হ্নীলা বাজারের উসমান গণি মার্কেটের ঊর্মি স্বর্ণ শিল্পালয়ে বিক্রি করেছে। এরপর আরাফাত পুলিশ ও জনগণকে এই ঘটনার সাথে জুবেদা খাতুন (৫০), আব্দুল আজিজ (৩০), মো. ইয়াকুব (৩০), ওমর (৩১) ও সামের (২৬) জড়িত বলে জানান। পরে জনগণ সেই ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
পতাকানিউজ/এনএ/এমওয়াই

