ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) বড় অর্জনের মুখ দেখলেন কে–পপ তারকা জিসু। উৎসবের মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতে ইতিহাস গড়েছেন তিনি। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী জিসু।
উৎসব আয়োজকদের ভাষ্য, সংগীত ও অভিনয় -দুই ক্ষেত্রেই তার বিস্তৃত অবদানের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের আরও তারকার সঙ্গে উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড ও ভিনসেন্ট এলবাজ।
পুরস্কার গ্রহণের পর আয়োজকদের প্রকাশিত ভিডিওতে জিসুকে কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজের নতুন দিক আবিষ্কার করে চলেছেন এবং এমন স্বীকৃতি পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা। এই যাত্রায় সমর্থন দেওয়া সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অভিনয় ক্যারিয়ারে সম্প্রতি নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামাসিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ -এ অভিনয় করেছেন জিসু। এতে তিনি ‘মি-রায়ে’ চরিত্রে অভিনয় করেন -যিনি ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভার্চুয়াল জগতে আশ্রয় খোঁজেন।
সংগীত জগতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যান্ডমেট জেনি, রোজ ও লিসা–কে নিয়ে ব্ল্যাকপিঙ্ক সম্প্রতি তাদের ‘ডেডলাইন’ বিশ্বভ্রমণ শেষ করেছে।
সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জিসুর এই অর্জন কে–পপের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ এগিয়ে নিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র : কোরিয়া জুংআং ডেইলি
-পতাকানিউজ

