রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় বোট উল্টে পানিতে ডুবে ইফরাত উদ্দিন (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পুরান ঢাকার নাজির বাজার এলাকার বাসিন্দা।
শনিবার, ২০ ডিসেম্বর সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে এ ঘটনা ঘটে। লাইফ জ্যাকেট না থাকায় কায়াকিং বোট উল্টে এ প্রাণহানি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ভ্রমণে আসেন ইফরাত। আজ, শনিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সকালে ৬ বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন পড়েননি। তবে দুর্ভাগ্যবশত ঘাটের অদূরেই কায়াকিং বোটটি ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে ইফরাত ডুবে যান। পরে বন্ধুরা ৯৯৯-এ ফোন করে দুর্ঘটনার কথা জানালে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে রাঙামাটি কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/জেআরজে/আরবি

