কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার, ২৯ মার্চ রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ট্রাক মালিক বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।
আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, ‘আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন। গাড়ির চালকের নাম জানা নেই। তবে গাড়িটি আমার শ্বশুরের মালিকানাধীন। উনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় আনা হয়েছে।’
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, ‘গুরুতর আহত জিল্লুর হোসেনের ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাজেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়।’
পতাকানিউজ/এএএম/আরবি

