কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পাবনা ঈশ্বরদী ওসি ও এএসআই। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর বেলা পৌনে ১২ টায় দিকে লালন শাহ সেতুর দক্ষিণা অঞ্চল কুষ্টিয়া ভেড়ামারা সেতু সংলগ্ন গোলচত্তরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওসির নাম মো. মোজাহারুল ইসলাম। তিনি রংপুর পীরগাছার ইটাকুমারী এলাকার মৃত নূর মোহাম্মাদের ছেলে এবং এএসআই’র মো. কয়েস উদ্দিন। তিনি রাজশাহী তানোরের রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্র জানায়, নন্দিগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বদলি হয়ে গত তিনদিন আগে ঈশ্বরদীতে ডিএসবি শাখার ওসি হিসেবে যোগদান করেন। আজ সকালে মোটরসাইকেলে ডিএসবি ঈশ্বরদীর এএসআই মো. কায়েস উদ্দিনের কর্ম এলাকা পাকশী ঘুরে দেখতে যান। একপর্যায় তারা দুজন লালন শাহ সেতুতে উঠেন। সেতু ঘুরে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে পুনরায় ঈশ্বরদীর দিকে আসার জন্য মোড় নিতে যান। এসময় পেছন থেকে আসা একটি কার্ভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় পালিয়ে যায় চালক।
কুষ্টিয়া ভেড়ামারা থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ভেড়ামারা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে হাইওয়ে থানার মাধ্যমে মরদেহ ঈশ্বরদী থানায় পৌছানো হবে। ঘাতক কার্ভার্ডভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, নিহত পুলিশের দুই কর্মকর্তার মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। লালন শাহ সেতুর সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক কার্ভার্ডভ্যান শনাক্ত হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
পতাকানিউজ/এসএমএইচ/আরবি

