সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি ফৌজদারি আদালত। প্যারিসের সাঁতে কারাগারে মঙ্গলবার, ২০ অক্টোবর থেকে তিনি কারাদণ্ড ভোগ শুরু করতে যাচ্ছেন। সারকোজি ২০০৭ সালে লিবিয়া থেকে নির্বাচনী তহবিল সংগ্রহের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
সারকোজি বলেন ‘আমি কারাগারকে ভয় পাই না। ইতিমধ্যে নিজের ব্যাগ গুছিয়ে ফেলেছি এবং শাস্তি কার্যকরের আগে নিজেকে শান্ত ও প্রস্তুত মনে করছি। সাঁতে কারাগারের ফটকের সামনেও আমি মাথা উঁচু করে দাঁড়াব।’ রবিবার ফরাসি লা ট্রিবিউন দিমঁশ পত্রিকা এ তথ্য প্রকাশ করেন।
সারকোজি ২০০৭ সালের নির্বাচনে লিবিয়ার তৎকালীন একনায়ক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে অবৈধ অর্থ সংগ্রহের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযোগে বলা হয়, তার ঘনিষ্ঠ সহযোগীরা নির্বাচনী তহবিল সংগ্রহে লিবিয়ার সহায়তা নেওয়ার চেষ্টা করেছিলেন।
‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগে সারকোজিকে দেওয়া এই শাস্তি প্রত্যাশার চেয়ে কঠোর হয়েছে বলে অনেকে মনে করছেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছিলেন তিনি। আপিল করলেও ২০০৭-২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকারী সারকোজিকে কারাগারে যেতে হতে হচ্ছে।
সারকোজি বলেছেন, কারাবাসের সময় তিনি কোনো অভিযোগ করবেন না বা কোনো বিশেষ সুবিধা তিনি চাইবেন না। কারাগারে থাকাকালীন সময়টি তিনি একটি বই লেখায় ব্যয় করতে চান।
পতাকানিউজ/টিআইএ

