জামিনের পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার, ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার। তিনি জানান, আজ বিকেল চারটায় দিকে জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার তাকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর তার স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
গত ৭ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান শিরীন শারমিন। ওইদিন ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার শিরীন শারমিনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে ডিবি কার্যালয়ে এনে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পতাকানিউজ/আরবি

