বিশ্বের সবচেয়ে বড় সংগীত সম্মাননা গ্র্যামির মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশী মনোনয়ন পেয়েছেন কেনড্রিক লামার, ও লেডি গাগা। গ্র্যামি অ্যাওয়ার্ডের ‘বর্ষসেরা গান’ বিভাগে জায়গা করে নিয়েছে ‘কে-পপ’।
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫ এ পাঁচটি পুরষ্কার জিতেছিলেন কেনড্রিক লামার। এবং ২০২৬ সালের মনোনয়ন তালিকায় শীর্ষে আছেন তিনি। ইতোমধ্যে মোট নয়টি মনোনয়ন পেয়েছেন কেনড্রিক। যার মধ্যে ‘বেস্ট র্যাপ অ্যালবাম’, ‘রেকর্ড অফ দ্যা ইয়ার’, এবং ‘সং অফ দ্যা ইয়ার’, ক্যাটাগরি অন্যতম। এছাড়া অন্যতম সেরা পুরষ্কার ‘জিএনএক্স’, অ্যালবামের জন্য ‘অ্যালবাম অফ দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে তিনি প্রতিদ্বন্দিতা করছেন ব্যাড বানি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, লিওন থমাস, টাইলর, দ্যা ক্রিয়েটর এন্ড ক্লিপস, পুশা টি ও ম্যালিস এর সাথে।
কেনড্রিকের পর সাতটি মনোনয়নে দ্বিতীয় স্থানে রয়েছেন লেডি গাগা। সংগীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তোনফের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। এছাড়া অন্যান্য শীর্ষ মনোনীতদের মধ্যে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, থমাস ও ব্যাড বানি। এদের মধ্যে প্রত্যেকেই ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।
এদিকে প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে গ্র্যামির বিগ থ্রি ক্যাটাগরি (প্রধান তিন বিভাগ) অ্যালবাম অফ দ্যা ইয়ার, সং অফ দ্যা ইয়ার এবং রেকর্ড অফ দ্যা ইয়ার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্যাড বানি। তাঁর গান ‘ডিটিএমএম’ রেকর্ড অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে, কার্পেন্টারের ‘ম্যানচাইল্ড’, ডোচির ‘অ্যানিক্সিটি’, বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাউয়ার’, লেডি গাগার ‘আব্রাক্যাডাব্রা’, লামার ও এসজেডএ- এর ‘লুথার, চ্যাপেল রোনের ‘দ্যা সাভওয়ে’, এবং ব্রুনো মার্স ও রোজের ‘এপিটি’ এর সাথে।
গতবারের ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরষ্কার বিজয়ী রোন এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেন। বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে রয়েছেন অলিভিয়া ডিন, ক্যাটস আই, দ্যা মারিয়াস, অ্যাডিসন রে, সোম্বর, থমাস, অ্যালেক্স ওয়ারেন এবং লোলা ইয়াং।
এবছর নতুন চালু হওয়া দুটি পুরষ্কারের একটি বেস্ট অ্যালবাম কভারের জন্য প্রথমবারের মতো মনোনীত হয়েছেন ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বানি, ডিজো এবং টাইলর, দ্যা ক্রিয়েটর।
গ্র্যামির নিয়মিত তারকা টেইলর সুইফট এবারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারেননি। কারণ অক্টোবরে তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্যা লাইফ অফ শো গার্ল’ প্রকাশ পেয়েছে। মনোনয়ন তালিকায় জায়গা পাওয়ার শর্ত ছিলো ৩১ আগস্ট ২০২৪ থেকে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে। এখনো অব্দি অনুষ্ঠান সঞ্চালকের নাম ঘোষণা করা হয়নি।
পতাকানিউজ/কেএ

