বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার, ২৭ এপ্রিল ভোর সাড়ে ৪টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উমা চন্দ্র (৫২)। তিনি উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা যায়, আজ ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ হঠাৎ ভেঙে পড়ে উমা চন্দ্রের দোকানের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করেন।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/পিএম/আরবি

