ফেনীর দাগনভূঞায় একটি ভাঙা কালভার্ট এলাকাবাসীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কালভার্টের দু’পাশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় কাঠের তক্তার ওপর ভর করে চলাচল করছে মানুষ ও যানবাহন। দীর্ঘদিন ধরে এমন বিপজ্জনক পরিস্থিতি চললেও এখনো শুরু হয়নি সংস্কারকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের মৌলভী বাজার থেকে প্রতাপপুর পাকা সংযোগ সড়কে অবস্থিত কালভার্টটির দু’পাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা অংশে কাঠের তক্তা দিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে দুর্ঘটনার ঝুঁকি কমেনি। বিশেষ করে রাতে কালভার্ট পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় পথচারী ও যানবাহনের চালকদের।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতাপপুর উচ্চ বিদ্যালয় ও সেকান্দরপুর বশিরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরও নিয়মিত এই কালভার্ট পার হতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা আবু হাসান, নূর ইসলাম মিলনসহ কয়েকজন জানান, শুধু কালভার্ট নয়; সংযোগ সড়কটির অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে এবং উঠে গেছে সড়কের কার্পেটিং। এতে যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে।

তারা আরও জানান, এ সড়ক দিয়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল পরিবহন করতে হয়। কিন্তু সড়ক ও কালভার্টের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহনসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কালভার্টটি মেরামত ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আতাউর রহমান মজুমদার বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি সরেজমিনে গিয়ে দেখে কালভার্ট ও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলব।’
দাগনভূঞা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, ‘কালভার্টের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, দুর্ঘটনার অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কালভার্টটি সংস্কার ও সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পতাকানিউজ/এএএম

