১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মঞ্চ ৭১ এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না। তিনি দেশবাসীকে এদিন কালো ব্যাজ ধারণ ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
রোববার, ১০ আগস্ট রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাইভে তিনি এ আহ্বান করেন।
এ সময় তিনি বলেন, আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। শুক্রবার হওয়ায় অন্তত কালো জামা না হলেও কালো ব্যাজ ধারণ করুন।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কীভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— ৯ মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।’
বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে জেড আই খান পান্না বলেন, জাতির পিতা যৌবনের ১৭ বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে রাজনৈতিক লড়াই করেছেন, শুধু ৯ মাসের মুক্তিযুদ্ধ নয়— তার আগেও দীর্ঘ সংগ্রাম ছিল।
তিনি আরও বলেন, শোক জানাতে ৩২ নম্বর বা কবরস্থানে যাওয়া বাধ্যতামূলক নয়। মসজিদে, মন্দিরে বা ঘরে বসেই দোয়া করা যায়। অন্তরের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন বঙ্গবন্ধু জাতির পিতা, তারা শুধু ওইদিন নয়, সবসময় তাঁদের জন্য দোয়া করবেন।
জেড আই খান পান্না নামাজের মধ্যেও শহীদদের জন্য বিশেষ দোয়া যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, মঞ্চ ৭১ এর পক্ষ থেকে আমি জেড আই খান পান্না আপনাদের এই অনুরোধ জানাচ্ছি।
ফেসবুক লাইভ লিংক : https://www.facebook.com/zahirulislam.khan.7/videos/726235287068961/
পতাকানিউজ/এআই

